Ridge Bangla

আজ বিশ্ব ভালোবাসা দিবস

আজ পহেলা ফাল্গুন, বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সঙ্গে ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। ষড়ঋতুর এই দেশে বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবস একসঙ্গে উদযাপিত হওয়ায় তৈরি হয়েছে জোড়া উৎসবের আমেজ।

বসন্ত প্রকৃতি ও ভালোবাসার এক অনন্য সমন্বয়। এদিন প্রকৃতির রূপের পাশাপাশি মানুষের মনও রঙিন হয়ে ওঠে নতুন আবেগে। পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে বসন্তবরণের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পকলার বিভিন্ন কেন্দ্রে দিনব্যাপী চলবে নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঐতিহাসিকভাবে বসন্ত উৎসবের প্রচলন বহু পুরনো। জানা যায়, মোগল সম্রাট আকবরের আমলেই বসন্ত উৎসব উদযাপনের সূচনা হয়। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এখনও রঙ, রূপ ও আনন্দে বসন্তকে বরণ করে নেয় মানুষ।

অন্যদিকে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয়জনদের মাঝে ফুল ও উপহার বিনিময়ের প্রস্তুতিও চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পার্ক, মাঠ ও বিনোদনকেন্দ্রগুলোতে দেখা যাবে বসন্তী ও লাল রঙের আধিক্য। হলুদ শাড়ি, গাঁদা ফুল আর বসন্তের মাতাল দখিনা হাওয়ায় আজ মুখর থাকবে নগর ও গ্রাম। বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে ঘিরে সারাদিন উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন