ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, আহত হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে তাঁকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
গত কয়েক দিন ধরে হাদির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক খ্যাতনামা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতামত এবং পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পরবর্তীতে প্রধান উপদেষ্টা দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং বড় কোনো অবনতি দেখা যায়নি। তবে আঘাতের জটিলতা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। ঘটনার পর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।