কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া–ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সব ধরনের সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিয়েছে। মতিঝিলসহ বাংলাদেশ ব্যাংকের সব অফিসেই একই সঙ্গে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সাধারণ গ্রাহকদের সেবা দিতে পারে, সে জন্য তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সাধারণ মানুষের জন্য এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয় বিবেচনায় গ্রাহকসেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে ৩০ নভেম্বর থেকে শুধুমাত্র মতিঝিল অফিসে সেবা বন্ধ হবে; পরবর্তীতে সময় এগিয়ে এনে সব শাখায় একযোগে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে মতিঝিল ছাড়াও সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস থেকে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি এসব সেবা দিয়ে আসছিল।