বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে নির্বাচনে বিজয়ী করায় দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের জনগণ সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছেন। এজন্য তিনি দেশের সর্বস্তরের নাগরিককে অভিনন্দন জানান।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে দেশ। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ দেড় দশক পর দেশে সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতে যাতে কোনো অপশক্তি দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানান তিনি।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনীতিতে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের বাতিঘর হিসেবে কাজ করে। সরকার ও বিরোধীদল নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।