Ridge Bangla

আজ অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকারের শেষ ও চূড়ান্ত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ অনুষ্ঠিত হচ্ছে। সভার কার্যতালিকায় মোট ২৬টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যার সম্মিলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এসব প্রকল্পের মধ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাভুক্ত রয়েছে সাতটি প্রকল্প।

রোববার (২৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, সভার মূল নোটিশে ২৩টি প্রকল্পের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি টেবিলে উপস্থাপনের জন্য অতিরিক্ত তিনটি প্রকল্প প্রস্তাব যুক্ত করা হয়েছে।

সভায় সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ব্যয় বৃদ্ধি। প্রস্তাব অনুযায়ী, এ প্রকল্পে অতিরিক্ত প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ অর্থ অবশিষ্ট অবকাঠামো নির্মাণ, কমিশনিং কার্যক্রম, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং রুশ জনবলের আবাসন সুবিধা সম্প্রসারণে ব্যয় করা হবে।

এ ছাড়া সভায় রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণ এবং ক্লিন এয়ার বা পরিষ্কার বায়ু প্রকল্পসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রস্তাব আলোচনায় রয়েছে।

একই সঙ্গে মেয়াদ বাড়ানোর প্রস্তাব আসতে পারে চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং দোহাজারী-ঘুমধুম রেলপথ নির্মাণ প্রকল্পের। নীতিনির্ধারকদের মতে, এই একনেক সভার মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হতে যাচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন