Ridge Bangla

আগারগাঁওয়ে এডিবি ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

শেরে বাংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক জানান, এডিবি ভবনের সামনের সড়কে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তে আমরা তদন্ত শুরু করেছি। নিরাপত্তা বিবেচনায় এলাকা ঘিরে ফেলে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে বাসে আগুন ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের জুলাই আন্দোলন দমনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে ‘নিষিদ্ধ’ দলটির ঘোষিত কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, আগারগাঁওয়ের বিস্ফোরণও সেই ধারাবাহিকতারই অংশ।

পুলিশ বলছে, কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আশপাশের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের কোনো সংগঠিত চক্র সক্রিয় থাকতে পারে বলেও মনে করছে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র।

This post was viewed: 28

আরো পড়ুন