Ridge Bangla

আগামী পাঁচ দিন তাপমাত্রা অপরিবর্তিত, পরে বাড়তে পারে শীত

‘মাঘের শীতে বাঘ কান্দে’ প্রবাদটি প্রচলিত থাকলেও এবারে মাঘ মাসের শুরুতে তার প্রভাব খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। এই শীতে মাঘের শুরুতেই সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে এই সময় পার হওয়ার পর ধীরে ধীরে তাপমাত্রা কমে শীতের তীব্রতা আবারও বাড়তে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় দিনের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

তৃতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

চতুর্থ দিনের পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। নদী অববাহিকার কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পঞ্চম দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশজুড়ে অস্থায়ী মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ওই সময়ের পর রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে, ফলে শীতের তীব্রতা কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে।

This post was viewed: 15

আরো পড়ুন