Ridge Bangla

আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিক্যাল। দেশে আরও নির্বাচন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেইসঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন। দেশের কল্যাণে যা প্রয়োজন, সে সিদ্ধান্ত তারাই নেবে। যেসব ক্ষেত্রে সংস্কার দরকার, সেগুলো করা হবে। দেশের মঙ্গলের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, আমরা কিছু শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। আমরা শুরু করেছি জনগণের ভালোর জন্যই। অতীতে আমরা দেখেছি কেউ কিছু করে গেলে পরেরজন এসে সেটা বাতিল করে দেয়। আশা করি, ভবিষ্যতে যে সরকার আসবে তারা যেন এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশে অনেক রকম সম্ভাবনা আছে, তবে আমরা আরও এগিয়ে যেতে পারতাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া জেলা প্রশাসক, উপজেলার নির্বাহী কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

This post was viewed: 82

আরো পড়ুন