Ridge Bangla

আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও, এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। তিনি বলেন, অতীতে নির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, আগামী নির্বাচন সেই ভাবমূর্তি বদলানোর বড় সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধারে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুলসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত হন।

সভায় আইজিপি বলেন, নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে হবে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার ব্যবস্থার প্রচার বৃদ্ধিরও নির্দেশ দেন।

এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানে কোনো ধরনের হয়রানি না করার নির্দেশনা দেন আইজিপি। গুম কমিশনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা এবং বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলোর দ্রুত তদন্তের ওপরও তিনি জোর দেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে পুলিশের প্রতিটি পদক্ষেপ হতে হবে স্বচ্ছ, দায়িত্বশীল ও জনবান্ধব।

This post was viewed: 44

আরো পড়ুন