Ridge Bangla

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। তার সঙ্গে কারা দেশে আসছেন, এ নিয়ে নানা আলোচনা চলছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরে তারেক রহমানের সঙ্গে থাকছেন তার পরিবার ও ঘনিষ্ঠ সহযোগীরা।

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনারে পরিচালিত বিজি–২০২ ফ্লাইটে তারেক রহমানের পক্ষে ছয়টি বিজনেস ক্লাসের টিকিট কেনা হয়েছে। এই তালিকায় রয়েছেন তারেক রহমান নিজে, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তার ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, বিএনপির প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা কামাল উদ্দীন।

এ ছাড়া দলের আরও কয়েকজন নেতা ও ঘনিষ্ঠজন নিজ নিজ খরচে একই ফ্লাইটে টিকিট কেটেছেন। তাদের মধ্যে মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম ও ডালিয়া লাকুরিয়ার নাম জানা গেছে।

বিজনেস ক্লাসের একমুখী টিকিটের মূল্য প্রায় ৩ হাজার ৬০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকার কাছাকাছি। এ ছাড়া যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩৫ জন বিএনপি নেতা ও সমর্থক ইকোনমি ক্লাসে একই ফ্লাইটে দেশে ফিরছেন বলে জানা গেছে। সব মিলিয়ে পরিবার, ব্যক্তিগত স্টাফ ও দলীয় নেতাকর্মীসহ তারেক রহমানের এই সফরে ৫০ জনেরও বেশি যাত্রী থাকছেন।

This post was viewed: 23

আরো পড়ুন