আইপিএলের ১৯তম আসরের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। তবে রাজনৈতিক চাপ ও ভারতের উগ্রপন্থীদের হুমকির কারণে তাকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার পর বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। নিন্দা, হতাশা ও প্রতিবাদের ঝড় চলছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে অংশগ্রহণ করবে না। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে তীব্র হতাশা প্রকাশ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি ফেসবুকে লিখেছেন, রাজনৈতিক কারণে একজন বিশ্বমানের খেলোয়াড়কে বাদ দেওয়া হচ্ছে, যা ক্রিকেটের নৈতিকতার পরিপন্থী।
তাবিথ আউয়াল বলেন, “মোস্তাফিজ পারফরম্যান্সের মাধ্যমে জায়গা করে নিয়েছিলেন। শুধু জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হলো। এটি খেলাধুলার জেন্টলম্যানস গেমের সঙ্গে একেবারেই মানানসই নয়।”
তিনি আরও বলেন, “আমি ভারতীয় কর্তৃপক্ষ ও বিসিসিআইকে আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার বানানো বন্ধ করুন। খেলা মানুষকে একত্রিত করতে পারে, বিভাজনের জন্য নয়।”
বাফুফে সভাপতি সকলের কাছে আহ্বান জানিয়েছেন, মোস্তাফিজকে সমর্থন জানাতে এবং তার পাশে দাঁড়াতে। তিনি যোগ করেন, “শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।”