রাজধানীর ঢাকা-৬ আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং মাদক নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের ডিসি ও ট্রাফিক ডিসি, ওয়ারী বিভাগের ডিসি ও ট্রাফিক ডিসি, কোতোয়ালি, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সমন্বিতভাবে যানজট নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণের ওপর।
আলোচনায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঢাকা-৬ আসনকে একটি বাসযোগ্য, নিরাপদ ও নাগরিকবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা নিয়মিত আয়োজন করা হবে।