রাজধানীর অভিজাত বসুন্ধরা আবাসিক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গত রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় গুলশান-বারিধারা এলাকায় অভিযান চালিয়ে জোবায়ের হোসেন পাপ্পু (২৯) নামের ওই যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত পাপ্পু ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আনন্দনগর এলাকার বদরুল ইসলাম স্বপনের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং এক জোড়া হাতমোজা উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর রাতে আইনজীবী নাঈম কিবরিয়া তার এক আত্মীয়ের ব্যবসায়িক অংশীদারের প্রাইভেটকারে চড়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন। রাত ৯টার দিকে আই ব্লকের ৭ নম্বর রোডে একটি মোটরসাইকেলের সঙ্গে ওই গাড়ির ধাক্কা লাগে।
এই তুচ্ছ ঘটনা নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে নাঈমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা যুবকরা উত্তেজিত হয়ে নাঈমকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামায় এবং শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে।
পরবর্তীতে রাত পৌনে ১১টার দিকে স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে র্যাব-১। তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপ্পু হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।