Ridge Bangla

আইইএলটিএস পরীক্ষা এখন থেকে শুধু কম্পিউটারেই

বাংলাদেশে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। ২০২৬ সালের ৩১ জানুয়ারির পর থেকে দেশে কাগজ-কলমে (পেপার বেজড) আইইএলটিএস পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণরূপে চালু হবে কম্পিউটার ডেলিভারড টেস্ট (সিডিটি) পদ্ধতি।

যারা ইতিমধ্যে পেপার বেজড পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তারা ২০২৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে পরীক্ষা দিতে পারবেন। ১ ফেব্রুয়ারি ২০২৬-এর পর নির্ধারিত পরীক্ষার্থীরা বিনা অতিরিক্ত ফিতে কম্পিউটার ফরম্যাটে পরিবর্তন করতে পারবেন। চাইলে রিফান্ডের জন্য আবেদন করারও সুযোগ রয়েছে।

কম্পিউটারভিত্তিক পরীক্ষায় দ্রুত ফলাফল পাওয়া যাবে, তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। রাইটিং অংশে টাইপ করা উত্তরে দ্রুত সংশোধনের সুবিধা থাকবে। রাইটিং অংশে শব্দ সংখ্যা দেখা যাবে, রিডিং অংশে টেক্সট হাইলাইট ও নোট নেওয়া যাবে এবং প্রশ্ন ও প্যাসেজ পাশাপাশি দেখা যাবে। ভবিষ্যতে একটি মডিউল পুনরায় পরীক্ষার সুযোগ আসতে পারে, যা সময় ও অর্থ সাশ্রয় করবে। প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি হ্রাস পাবে এবং নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখা সহজ হবে।

ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, যাদের কম্পিউটার বা টাইপিংয়ে ভীতি আছে, তাদের জন্য বিনামূল্যে অনলাইন রিসোর্স ও মক টেস্টের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সময় ও সুযোগ দেওয়া হবে। ইন্টারনেট গতি ও ভিডিও কল স্পিকিং টেস্ট সংক্রান্ত বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

প্রশ্নপত্র, মূল্যায়নপদ্ধতি ও স্কোরিং সিস্টেম আগের মতোই থাকবে। শুধু উত্তর দেওয়ার মাধ্যম বদলে যাবে, হাতে লেখার বদলে কম্পিউটারে টাইপ করা হবে। এই পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষা, অভিবাসন ও পেশাগত প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে।

ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি এডুকেশন উভয়ই তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে। তাদের মতে, এই ডিজিটাল রূপান্তর পরীক্ষার্থীদের জন্য দ্রুততর, সুবিন্যস্ত ও আধুনিক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

This post was viewed: 56

আরো পড়ুন