Ridge Bangla

অস্ট্রেলিয়ান এমপিদের সমর্থনে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিদেশি আইনপ্রণেতাদের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ সমর্থন হিসেবে দেখে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, অস্ট্রেলিয়ান এমপিদের বক্তব্য গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতা রক্ষায় তাঁদের সুস্পষ্ট অবস্থানকে তুলে ধরেছে। তিনি বলেন, তাদের বিবেকবান হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক মূল্যবোধ এবং বাংলাদেশের জনগণের কল্যাণে দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

তারেক রহমান পোস্টে উল্লেখ করেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা নিয়ে বাংলাদেশের বহু নাগরিক উদ্বিগ্ন। তারা একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনী প্রক্রিয়া চায়। এ প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ান এমপিদের নিরাপত্তাবিষয়ক আহ্বান ভোটারদের আশা–আকাঙ্ক্ষারই প্রতিধ্বনি। তিনি জানান, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা এসব উদ্বেগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসীদের অবদান দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করছে বলেও মন্তব্য করেন তিনি।

This post was viewed: 33

আরো পড়ুন