জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে। তার এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছেন না স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুলের মৃত্যুর ঘটনার ব্যাখ্যায় সন্তুষ্ট নন তিনি এবং শিল্পী সংগঠন।
শনিবার (৪ এপ্রিল) আর্টিস্টস ফোরাম কলকাতার রিজেন্ট পার্ক থানায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সংগঠনের দাবি, তারা আইনি নোটিশ পাঠিয়ে ঘটনার বিস্তারিত জানতে চেয়েছিল, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত আইনি পথে এগোয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ওডিশার তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে প্রাণ হারান রাহুল। অভিযোগ উঠেছে, জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই শুটিং পরিচালনা করছিল। এ কারণে ঘটনার পেছনে গাফিলতির বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়েছে।