Ridge Bangla

অবৈধ বেটিং অ্যাপ মামলায় ভারতীয় তারকাদের সম্পত্তি বাজেয়াপ্ত

বেআইনি অনলাইন বেটিং অ্যাপ 1xBet সংক্রান্ত মামলায় নতুন মোড় নিয়েছে ভারতের প্রয়োগকারী দপ্তর (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি)। সংস্থাটি একাধিক বলিউড, টলিউড ও ক্রিকেট তারকার কাছ থেকে কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

ইডি-র তথ্য অনুযায়ী, এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ কোটি ৯৩ লাখ টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের কাছ থেকে প্রায় ২ কোটি ৫০ লাখ রুপি, অভিনেত্রী ঊর্বশী রাউতেলার কাছ থেকে প্রায় ২ কোটি ২ লাখ টাকা, অভিনেত্রী নেহা শর্মার কাছ থেকে ১ কোটি ২৬ লাখ রুপি, অভিনেতা ও সমাজসেবী সোনু সুদের কাছ থেকে ১ কোটি রুপি, টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছ থেকে ৫৯ লাখ রুপি, টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার কাছ থেকে ৪৭.২০ লাখ রুপি এবং ক্রিকেটার রবিন উথাপ্পার কাছ থেকে ৮.২৬ লাখ রুপি বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগেও এই মামলায় শিখর ধাওয়ানের কাছ থেকে ৪.৫ কোটি রুপি এবং সুরেশ রায়নার কাছ থেকে ৬ কোটি ৬৪ লাখ রুপির মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছিল।

1xBet নামের এই বেআইনি বেটিং অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ইডির তদন্তের সূত্র ধরে একের পর এক তারকার নাম প্রকাশ পায়। প্রায় দুই মাস আগে মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।

অভিযুক্ত প্রায় সব তারকাই দাবি করেছেন যে তারা আর্থিক অনিয়ম সম্পর্কে অবগত ছিলেন না। তাদের দাবি, তারা শুধুমাত্র প্রচারমূলক কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।

এই মামলায় ইডির তদন্ত এখনও চলছে এবং ভবিষ্যতে আরও নাম উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

This post was viewed: 100

আরো পড়ুন