Ridge Bangla

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর: ইসি আনোয়ারুল ইসলাম

সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ বদ্ধপরিকর বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন উভয়ই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সরকার এবং নির্বাচন কমিশন দু’পক্ষই চায় নির্বাচন যেন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং জনগণের আস্থা অর্জনকারী হয়। এজন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচনী আইন, অর্থাৎ ‘আরপিও’-তে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে। এর ফলে এখন রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজন মনে করলে তাদের দায়িত্বপ্রাপ্ত আসনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। এতে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।

নির্বাচন কমিশনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন। নির্বাচন কমিশন আপনাদের পাশে আছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন আমাদের সবার দায়িত্ব।”

This post was viewed: 26

আরো পড়ুন