কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা মোবাইল ফোন ব্যবসায়ীদের ওপর পুলিশ লাঠিপেটা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, রায়টকার ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর একপর্যায়ে ব্যবসায়ীরা সড়ক ছেড়ে দিলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এই কর্মসূচির ডাক দেয়। একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দেয়।
ঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে ব্যবসায়ীরা অবস্থান নেন। সড়কে বসে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকলে বসুন্ধরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত যান চলাচল ব্যাহত হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ প্রথম দফায় লাঠিপেটা করে অবরোধ তুলে দেয়, এতে ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
দুপুর ১২টার দিকে আবারও একটি অংশ সড়কে বসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন পুলিশ জলকামান ব্যবহার করে এবং পরে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় কয়েকজনকে আটক করা হয়। পরে ব্যবসায়ীদের আশপাশের শপিংমলের ভেতরে সরিয়ে দেওয়া হয়।