Ridge Bangla

অবশেষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে

প্রায় ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল সেবা স্বাভাবিক করার ঘোষণা দেয়।

ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল থেকে শাহবাগ-আগারগাঁও অংশে মেরামত কাজ শেষ হওয়ার পর বেলা ১১টা থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। কর্তৃপক্ষ সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

এর আগে, রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনের সামনে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। ওই ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

দুর্ঘটনার তদন্ত ও নিরাপত্তা যাচাই শেষে রোববার বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল আংশিকভাবে চালু করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেরামতের কাজ চলায় সেবা বন্ধ ছিল রাতভর।

সোমবার সকালে মেরামত সম্পন্ন হওয়ার পর পরীক্ষা শেষে আবারও সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল শুরু হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 35

আরো পড়ুন