দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও তার স্বামী, বিগ বস খ্যাত অভিনেতা নীল ভাট। ২০২১ সালে জমকালো আয়োজনে চার হাত এক করেছিলেন এই তারকা দম্পতি। চার বছরের দাম্পত্য জীবনের পর এবার আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের আবেদন করেছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নীল ও ঐশ্বরিয়া বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। আলাদা থাকার বিষয়টি নিয়েই প্রথমে গুঞ্জন ছড়ালেও, শেষ পর্যন্ত সত্যি হলো সেই খবর। খুব শিগগিরই তাদের আইনি বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।
এর আগেও একাধিকবার ঐশ্বরিয়ার সংসার ভাঙার খবর ছড়িয়েছিল। তবে প্রতিবারই সেই গুজবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী। গত জুন মাসে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি এতদিন চুপ আছি, দুর্বল বলে নয়; বরং নিজের শান্তি বজায় রাখার জন্য। কিন্তু অনেকে এমন গল্প বানাচ্ছেন, যা আমি কখনো বলিনি বা সমর্থন করিনি।”
তিনি আরও জানান, “কেউ কেউ যাচাই না করেই নিজের মতো খবর ছড়াচ্ছেন, যা সত্যিই দুঃখজনক।”
ঐশ্বরিয়া শর্মা স্টার প্লাসের জনপ্রিয় রোমান্টিক ধারাবাহিক ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। পরবর্তীতে তিনি ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ১৩’ এবং ‘বিগ বস ১৭’-এ অংশ নিয়ে জনপ্রিয়তা আরও বাড়ান।