আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন করা হবে।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই চার্জশিট দাখিল করা হবে। এ ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি বা বিলম্ব সহ্য করা হবে না।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে বিশেষ নজরদারি চলছে জানিয়ে তিনি বলেন, ‘ডেভিল হান্ট-২’ অভিযানে এখন পর্যন্ত ১৪ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কোনো ফ্যাসিস্ট এজেন্ট যেন রাজনৈতিক দলগুলোর ভেতরে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে দলগুলোকেও সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।