সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। সেই জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখল যুব টাইগাররা।
নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে একপ্রকার বিধ্বস্ত করে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। বোলারদের দাপটের পর ওপেনার জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
এই জয়ের ফলে আগেই সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দিনের অন্য ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারলে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন যুবা টাইগাররা। এবারের এশিয়া কাপে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে ২ জয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক আজিজুল তামিম। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে ধুঁকতে থাকে নেপালের ব্যাটাররা। নেপাল ৩১ ওভার ১ বলে ১৩০ রানে অলআউট হয়ে যায়। দলীয় ৬১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেপাল। দলের পক্ষে শাহিল প্যাটেল ১৮, আশিষ ২৩, এবং অভিষেক ৩০ রান করেন।
১৩১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ব্যাটারদের। ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যুবা টাইগাররা। রিফাত বেগ ৫ ও আজিজুল তামিম ১ রান করে সাজঘরে ফিরে যান। পরে কালাম ও জাওয়াদের ব্যাটিং দৃঢ়তায় ১৫১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। কালাম ৩৪, জাওয়াদ ৭ চার ও ৩ ছক্কায় ৬৮ বলে ৭০ রানে অপরাজিত থাকেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলংকা। সেই ম্যাচের জয়ী দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন। ১৭ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলংকা।
বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত। আগামী ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। ২১ ডিসেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।