Ridge Bangla

অনুদানের চলচ্চিত্রের চিত্রনাট্য জমা দেওয়ার সময় বাড়ল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলতি অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমাদানের সময়সীমা বাড়িয়ে আগামী ১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আগে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমাদানের শেষ তারিখ ছিল ২৯ জানুয়ারি।

২০২৫–২৬ অর্থবছরে চলচ্চিত্র শিল্পের বিকাশ ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে সরকার পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কাহিনি ও চিত্রনাট্য বাছাইয়ের জন্য প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের কাছ থেকে প্যাকেজ প্রস্তাব আহ্বান করা হয়েছে। মোট ৩২টি চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রে একটি মূল কপিসহ ১২ সেট এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্ষেত্রেও একটি মূল কপিসহ ১২ সেট পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে হবে।

This post was viewed: 4

আরো পড়ুন