Ridge Bangla

অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের ছায়া থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই প্রধান চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

সোমবার (১০ নভেম্বর) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশাসন, পুলিশ ও মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষতা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি উল্লেখ করেন, এককভাবে ভালো নির্বাচন করা সম্ভব নয়, সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এটি সাফল্যবাণ হতে পারে। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটগ্রহণের সুষ্ঠু পরিচালনা আপনার হাতে। দায়িত্ব পালনকালে কোনো প্রকার চাপ, ভয় বা প্রভাবকে প্রশ্রয় দেওয়া যাবে না।

নির্বাচন ব্যবস্থাপনা জাতির প্রতি দায়বদ্ধতা, এটি সম্মানের বিষয় এবং তাই সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

This post was viewed: 24

আরো পড়ুন