Ridge Bangla

অটো টিউন দিয়ে গান গাওয়া যায়, শিল্পী হওয়া যায় না: রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা অটোটিউন প্রযুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই শিল্পী মনে করেন, প্রযুক্তি যতই উন্নত হোক, তা একজন প্রকৃত শিল্পীর আবেগ ও দক্ষতা অর্জন করতে পারে না।

রুনা লায়লা বলেন, অটো টিউন দিয়ে এখন যে কেউ গান গাইতে পারে। মুখে দুই লাইন গাইলেই কাজ হয়ে যায়। কিন্তু প্রকৃত শিল্পীর মূল শক্তি তার সুর ঠিক রাখার ক্ষমতায় যদি সেটা না থাকে, শিল্পী হওয়া উচিত নয়। তিনি মনে করেন, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার গান থেকে আবেগ, স্বতঃস্ফূর্ততা এবং প্রাণকে কেড়ে নিচ্ছে। গান তো শুধু ঠিক নোটে গাওয়ার নাম নয়, এতে অনুভূতি ও প্রাণও থাকে। অটোটিউন লাগালে তা থাকে না।

পুরনো দিনের রেকর্ডিং অভিজ্ঞতার সঙ্গে বর্তমান প্রক্রিয়ার তুলনা করে তিনি বলেন, আগে ফুল মিউজিশিয়ানদের সঙ্গে গান করতাম। বিকেল ছটা থেকে শুরু হলে পরের দিনের সকাল ছটা পর্যন্ত রেকর্ডিং চলত। ভুল হলে আবার প্রথম থেকে নিতে হতো। কখনও কখনও একেকটি গানের জন্য ১০১ টেকও নিতে হতো।

বর্তমানে রেকর্ডিং সহজ হলেও তিনি মনে করেন, শুদ্ধ সংগীত চর্চার জায়গা হারিয়ে যাচ্ছে। এখন স্টুডিওতে গিয়ে বলি, ট্র্যাক ঠিক আছে, চল। কাজ দ্রুত হয়ে যাচ্ছে, তবে শিল্পীর চ্যালেঞ্জ আর ততটা নেই। এই প্রক্রিয়া গানকে সহজ করে দিয়েছে, কিন্তু শিল্পীর পরিশ্রম ও গভীরতার জায়গা ক্ষুণ্ণ করছে।

This post was viewed: 29

আরো পড়ুন