Ridge Bangla

মালাইকা অরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানিতে তিনি হাজির না হলে, তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি হবে বলে জানিয়েছে আদালত।

২০১২ সালের একটি মামলার প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আদালতের সমন থাকা সত্ত্বেও গত ২৯ এপ্রিল শুনানিতে উপস্থিত ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে.এস. জানওয়ার বলেন, মালাইকা ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অমান্য করছেন এবং আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।

মামলার সূত্রপাত ঘটে ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি, যখন দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারকা রেস্তোরাঁয় সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরা এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে নৈশভোজে অংশ নিচ্ছিলেন। ওই সময় সেখানে উপস্থিত দক্ষিণ আফ্রিকাপ্রবাসী ব্যবসায়ী ইকবাল শর্মার সঙ্গে সাইফের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়।

এই ঘটনায় অভিনেতা সাইফ আলী খান ছাড়াও অভিযুক্ত হন শিল্পপতি বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ। মালাইকার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ না থাকলেও, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন বলে আদালতে সাক্ষী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে এখন পর্যন্ত মালাইকা অরোরা এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

This post was viewed: 44

আরো পড়ুন