রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান কখনো ‘সংস্কার’ হয় না, বরং তা সংশোধন, রহিত বা স্থগিত করা হয়।
মন্ত্রী বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনার প্রতি সম্মান জানিয়ে এর মূল বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা চলে না।
সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে বিভিন্ন ‘আইনি প্রতারণা’ যুক্ত করা হয়েছে, যার কিছু অংশ ইতোমধ্যে আদালত অসাংবিধানিক ঘোষণা করেছে। তিনি বলেন, বাকি বিষয়গুলো সংসদে আলোচনা করে সংশোধন বা বাতিল করা হবে।
তিনি আরও বলেন, সংবিধানে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ নীতিটি পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের বিষয়েও আলোচনা চলছে, যেখানে দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব পাবে।