ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এ উপলক্ষে তারেক রহমানের পরিবারের রাজনীতিতে বিরল এক রেকর্ডও পূর্ণ হলো।
বিশ্বে অল্প কিছু রাজনৈতিক পরিবার রয়েছে, যেখানে একাধিক প্রজন্ম একই পরিবারের তিনজন সদস্য কোনো দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে এই বিরল তালিকায় এবার অন্তর্ভুক্ত হলো জিয়া পরিবার। রাষ্ট্রপতি হিসেবে বাবা প্রয়াত জিয়াউর রহমান, একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে মা বেগম খালেদা জিয়া এবং এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন তারেক রহমান।
রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি তারেক রহমান দেশের পরিচালনায় গ্রহণ করবেন বাবা জিয়াউর রহমানের জনকল্যাণমুখী নীতি এবং মা খালেদা জিয়ার দেখানো পথ। জিয়াউর রহমান ১৯৭৫ সালে সেনা-রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হন। তিনি ১৯৭৮ সালে বিএনপি গঠন করে দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮১ সালে তিনি নিহত হবার পর দলের নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়া রাজনৈতিক দৃঢ়তা ও আপসহীন নেতৃত্বে দলের দায়িত্ব পালন করে রাষ্ট্রক্ষমতায় পৌঁছান। ১৯৯১ সালের নির্বাচন থেকে শুরু করে তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সংযোগ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে তিনি দলের জনপ্রিয়তা অটুট রাখেন।
১৭ বছরের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে দেশে ফিরে তারেক রহমানের হাতে বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব আসে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তাঁর নেতৃত্বে দলটি নিরঙ্কুশ জয় পায়।
প্রবাসজীবনে তারেক রহমান আন্তর্জাতিক রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, উন্নত বিশ্বের প্রশাসনিক ব্যবস্থা ও কৌশলগত নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন। মায়ের রাজনীতিতে শেখানো প্রক্রিয়া এবং তাঁর নিজের অর্জিত দক্ষতা দেশ পরিচালনায় তারেক রহমানের মূল পথপ্রদর্শক হবে। তিনি জানিয়েছেন, বাবা-মায়ের দেখানো নীতি ও দর্শনই তাঁর রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।