ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে এখন শুরু হয়েছে ভোট গণনার কাজ। কেন্দ্রের ভেতরে অবস্থানরত ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করে নির্ধারিত সময়েই ভোট শেষ করা হয়।
সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ২৯৯টি আসনে প্রায় ৯ ঘণ্টা ভোট চলে। সকাল দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সময় পর ভোটের সুযোগ পেয়ে অনেকেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের মতামত জানান।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ৫৯টি কেন্দ্রে জালভোট এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং এক লাখের বেশি সেনাসদস্য মাঠে দায়িত্ব পালন করেন। এখন সবার দৃষ্টি চূড়ান্ত ফলাফলের দিকে।