অপেক্ষার প্রহর শেষে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দেশজুড়ে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল হতেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। অনেক কেন্দ্রে দেখা গেছে দীর্ঘ লাইন।
ঢাকা-১৩ আসনের একটি কেন্দ্রে সকালেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটারদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। এক ভোটার বলেন, “২০০৮ সালে শেষ ভোট দিয়েছিলাম, এরপর আজ ভোট দিতে এলাম। খুব ভালো লাগছে।” আরেকজন বলেন, “সকাল সকাল চলে এসেছি। পরে ভিড় বাড়লে ঝামেলা হতে পারে। শান্তিপূর্ণভাবে নিজের ভোট দিতে চাই।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। একটি আসনে প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত থাকায় ২৯৯টি আসনে ভোট হচ্ছে। অংশ নিচ্ছে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এ নির্বাচনে অংশ নিচ্ছে না।
মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৮১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি ২৯১ জন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন, জামায়াত ২২৯ জন, জাতীয় পার্টি ১৯৮ জন এবং এনসিপি ৩২ জন প্রার্থী দিয়েছে।
দেশজুড়ে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি বুথে ভোটগ্রহণ চলছে। দায়িত্ব পালন করছেন ৮ লাখের বেশি নির্বাচন কর্মকর্তা। নিরাপত্তায় মোতায়েন রয়েছেন প্রায় ৯ লাখ ৭০ হাজার সদস্য। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও অন্যান্য বাহিনী মাঠে রয়েছে। পাশাপাশি ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে নির্বাচন কমিশন।