Ridge Bangla

ভোট ‘পারফেক্ট’ করাই এখন প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কটু কথা বা অশোভন আচরণ দেখা যাচ্ছে না, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত নির্বাচন প্রস্তুতি সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটকে নিখুঁতভাবে সম্পন্ন করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। পরে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এবারের ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং নারী-পুরুষ সবাই পরিবার নিয়ে ভোট উৎসবে অংশ নেবেন। এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি প্রত্যাশা করেন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা ব্যবহার করা হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা র‌্যান্ডমভাবে কয়েকটি স্থানে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে কথা বলে ক্যামেরার কার্যকারিতা সম্পর্কে খোঁজ নেন।

এ ছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপও চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে কোনো কেন্দ্রে সহিংসতা বা গোলযোগের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে বার্তা পৌঁছাবে। প্রেস সচিব জানান, দুর্গাপূজার সময় এ ধরনের অ্যাপ সফলভাবে ব্যবহার করা হয়েছিল এবং সেটি কার্যকর প্রমাণিত হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন