Ridge Bangla

ওমানে যুক্তরাষ্ট্র–ইরানের সংলাপ অব্যাহত থাকবে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা শুধু পরমাণু ইস্যুতে, ওয়াশিংটনের প্রতিক্রিয়া এখনও অনুপস্থিত। তবে ওমানে অনুষ্ঠিত মধ্যস্থতামূলক বৈঠকের পরেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

দীর্ঘদিনের উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে এই সংলাপকে তিনি ভালো সূচনা হিসেবেই দেখেন।

আরাগচি জানান, আলোচনাগুলো ছিল সম্পূর্ণভাবে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে। পরবর্তী ধাপে উভয় পক্ষ নিজ নিজ রাজধানীতে ফিরে অভ্যন্তরীণ পরামর্শ করবে। তবে আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, পরমাণু ইস্যুর পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন নিয়েও আলোচনা করতে চান তারা। এতে দুই দেশের অবস্থানের ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে।

এদিকে, ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি না হলে ইরানে হামলার হুমকিও দিয়েছেন। পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে তেহরান, যা পুরো অঞ্চলকে নতুন অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন