Ridge Bangla

ইইউর সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর তাগিদ প্রধান উপদেষ্টার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে ইইউতে বাংলাদেশের বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হলে দেশের রপ্তানি খাতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সে কারণে সময় থাকতেই এফটিএ আলোচনা শুরু করা জরুরি।

রোববার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম)-এর চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন। আলোচনায় বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো এবং দেশের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি আসন্ন নির্বাচন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকার বিষয়টিও আলোচনায় আসে।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে, যার ফলে জাপানের বাজারে বাংলাদেশের ৭ হাজার ৩০০টির বেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে। একই ধরনের বাণিজ্যিক সুবিধা বজায় রাখতে ইইউসহ অন্যান্য অংশীদারের সঙ্গেও আলোচনা এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

ইউরোচ্যামের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, এলডিসি থেকে উত্তরণের পর ইইউ বাজারে বাংলাদেশের বিদ্যমান সুবিধা ঝুঁকির মুখে পড়তে পারে। এফটিএ হলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রপ্তানি আরও সম্প্রসারিত হবে।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ২০২৯ সালের আগে বাণিজ্য কাঠামোয় বড় পরিবর্তন না এলেও আগাম ইতিবাচক রাজনৈতিক সংকেত বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

This post was viewed: 11

আরো পড়ুন