Ridge Bangla

সবার আগে বাংলাদেশ – নির্বাচনি জনসভায় তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়; এই দেশ লাখো-কোটি মানুষের। দেশের প্রকৃত মালিক জনগণ- এই চেতনা থেকেই বিএনপি রাজনীতি করে। তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ। আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে জনগণের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।”

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাস এলাকায় আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। দেশের মালিক জনগণ যদি বিএনপির পাশে থাকে, তবে ইনশাল্লাহ ধাপে ধাপে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো যাবে। সরকার গঠনের পর বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি জানান, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। পাশাপাশি খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান অভিযোগ করেন, এখনও কিছু মহল ভোট বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, বিভিন্ন কৌশলে ভোটারদের বিভ্রান্ত করতে মা-বোনদের এনআইডি ও মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের তথ্য নেওয়ার অপচেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গত ১৫–১৬ বছরে দেশের মানুষ নানাভাবে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের নামে দুর্নীতি, গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি গড়ে উঠেছে। এই অবস্থার পরিবর্তনে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে বিএনপির আরেকটি জনসভায় অংশ নেন তারেক রহমান। সেখানে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি নেতা-কর্মীদের অভিবাদনের জবাব দেন।

This post was viewed: 9

আরো পড়ুন