সরকার সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে ঘোষণা করেছে। এ বিষয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় বিশেষ বিবেচনায় অনুমোদনের পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে উন্নীত করা হয়।
এই উন্নীতকরণের ফলে সংশ্লিষ্ট ক্যাটাগরির প্রাপ্যতা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসনের জনবল বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবে।
নিকার এ প্রস্তাব অনুমোদনের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, সাতক্ষীরায় বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি বড় অংশ অবস্থিত। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভোমরা স্থলবন্দর গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে সাতক্ষীরার সঙ্গে সংযুক্ত হওয়ায় এটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই সাতক্ষীরাকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালের ৬ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ জেলার শ্রেণি হালনাগাদ করে একটি পরিপত্র জারি করেছিল। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ৮টি বা তার বেশি উপজেলা নিয়ে গঠিত জেলাগুলো ‘এ’, ৫ থেকে ৭টি উপজেলা নিয়ে গঠিত জেলাগুলো ‘বি’ এবং ৫টির কম উপজেলা থাকা জেলাগুলো ‘সি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এছাড়া ভৌগোলিক অবস্থান ও গুরুত্ব বিবেচনায় কিছু জেলাকে ‘বিশেষ ক্যাটাগরি’ হিসেবেও চিহ্নিত করা হয়।