বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে ভোর থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে। রোববার (২৫ জানুয়ারি) সূর্য ওঠার আগেই বিভিন্ন উপজেলা ও নগরীর ওয়ার্ড থেকে দলবেঁধে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। অনেকে আবার শনিবার রাত থেকেই মাঠে অবস্থান নেন।
দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির প্রধানের চট্টগ্রাম আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে মাঠের সামনের অংশে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে।
আগে আসা নেতাকর্মীরা জানান, দলের চেয়ারম্যানকে কাছ থেকে দেখার এবং তার বক্তব্য শোনার প্রত্যাশায় তারা ভোর থেকেই মাঠে উপস্থিত হয়েছেন। তাদের ভাষ্য, এই সমাবেশ বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান নেন।
রোববার বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সফরসূচি অনুযায়ী, চট্টগ্রাম সমাবেশ শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন।
এদিকে মহাসমাবেশকে ঘিরে নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো সমাবেশ এলাকা তিন স্তরের নিরাপত্তা বলয়ে- রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। মঞ্চ এলাকা রেড জোন হিসেবে নির্ধারিত, যেখানে কেবল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও প্রার্থীরা অবস্থান করবেন।