পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় শুক্রবার রাতে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি শান্তি কমিটির সদস্যদের ব্যবহৃত ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটায়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, হামলার দিন ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহতদের মধ্যে চারজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শান্তি কমিটিগুলো মূলত স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমনে এসব কমিটি পাকিস্তান সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করে থাকে। ফলে এসব কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরেই জঙ্গিগোষ্ঠীর লক্ষ্যবস্তু হয়ে আসছেন।
এ হামলার সময় পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে তীব্র শীতের মধ্যে ওই অঞ্চল থেকে হাজারো মানুষকে নিরাপত্তাজনিত কারণে ঘরবাড়ি ছাড়তে হয়েছে।
এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার না করলেও সন্দেহের তীর পড়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর দিকে। অতীতে সংগঠনটি শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে একাধিক হামলা চালিয়েছে। টিটিপির লক্ষ্য পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থা বাতিল করে নিজেদের ব্যাখ্যায় কঠোর ইসলামি আইন প্রতিষ্ঠা করা।