যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের কারণে দেশজুড়ে বিশাল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া ঝড়ে সারা দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। বিশেষ করে টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায় তুষারপাত ও বরফঝড়ের প্রভাব দেখা দিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার অন্তত ৩ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। রোববারের জন্য আরও ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছেন।
মার্কিন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ জ্যাকব আশারম্যান বলেন, এটি চলতি শীতের সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এর সমতুল্য নেই। ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। তিনি সতর্ক করে বলেন, যথাযথ সুরক্ষা ছাড়া বাইরে থাকলে হাইপোথার্মিয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
লুইজিয়ানা, মিসিসিপি ও টেনেসির কিছু অংশে বরফের কারণে গাছ ও বিদ্যুৎ লাইনের ওপর বিপদ দেখা দিতে পারে। এক ডজনেরও বেশি অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, সড়কে রাসায়নিক ছড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বরফে ঢাকা গাছ ও বিদ্যুৎ লাইনের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রশাসন ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করছে।