Ridge Bangla

সংগীত শিল্পী দিলরুবা খানের ভিন্নধর্মী আয়োজন

জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান এক ভিন্নধর্মী সংগীত আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুঁথি গান ও কিচ্ছা পরিবেশন করেছেন। এই আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেক রহমানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়েছে।

নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান ‘পাগল মন’ খ্যাত জনপ্রিয় এই শিল্পী। সেখানে তিনি লিখেছেন, শৈশবে গ্রামবাংলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুঁথি গান, কিচ্ছা ও গীতের যে সুরেলা পরিবেশনা শোনা যেত, আধুনিকতার চাপে সেই ধারাগুলো আজ অনেকটাই বিলুপ্তপ্রায়। সেই হারিয়ে যেতে বসা লোকঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই তার এই প্রয়াস।

দিলরুবা খানের ভাষ্য, ঐতিহ্যবাহী পুঁথির ছন্দ এবং কিচ্ছার বর্ণনাভঙ্গিতে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের কিছু দিক তুলে ধরার চেষ্টা করেছেন। তার মতে, এটি কেবল ব্যক্তিকেন্দ্রিক কাজ নয়, বরং লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ধারা পুনরুজ্জীবিত করার উদ্যোগ।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই শৈল্পিক উপস্থাপনা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে এবং দেশীয় সংস্কৃতি সংরক্ষণে আগ্রহ বাড়াবে। ২৫ জানুয়ারি পুঁথি এবং ২৬ জানুয়ারি কিচ্ছা পর্যায়ক্রমে তার ইউটিউব চ্যানেল ‘Dilruba Khan Official’-এ প্রকাশিত হবে।

দিলরুবা খান শিল্পী আবদুল আলীমের গান গেয়ে সংগীতজগতে পথচলা শুরু করেন। বাবা নিজে বেতারের শিল্পী হলেও তিনি মেয়ের গান গাওয়ার পক্ষে ছিলেন না। তবে গানের প্রতি গভীর ভালোবাসা ও নিজস্ব প্রতিভার জোরে দিলরুবা খান লোকগানে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

দিলরুবা খান ‘দুই ভূবনের দুই বাসিন্দা, বন্ধু চিরকাল’ গানটির মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। ১৯৯১ সালে গাওয়া ‘পাগল মন’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং তিনি ‘পাগল মন দিলরুবা’ নামে পরিচিত হন। সংগীতের প্রতি গভীর ভালোবাসা ও সুরের মাধুর্যে তিনি একজন শ্রুতিমধুর শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন এবং চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়ে প্রশংসা অর্জন করেন।

This post was viewed: 6

আরো পড়ুন