বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ বিএনপির কর্মীরা কখনো ধারণ করেননি’ এবং দলের আপসহীন ভূমিকার কারণে ষড়যন্ত্র বা অপপ্রচারে বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব হবে না।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। সভা আয়োজন করে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুম ও হত্যার শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনেকেই সন্তান, স্বামী বা পিতার ছবি হাতে নিয়ে অংশ নেন।
তারেক রহমান সভায় বলেন, ‘দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের তীব্রতা কখনো স্তিমিত হলেও নেতাকর্মীরা একদিনও রাজপথ ছাড়েননি। এক ভাই গুম হলেও অন্যজন আরও তীব্র আন্দোলনে দাঁড়িয়েছে।’ তিনি বলেন, ‘যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অপপ্রচার দ্বারা কাউকে দমন করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘গুম ও শহীদদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে আগামীদিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা জরুরি।’
সভায় উপস্থিত ছিলেন গুম থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং বিভিন্ন পরিবারের সদস্যরা। তারা তাদের কষ্ট ও স্বজন হারানোর বেদনা ব্যক্ত করেন। মতবিনিময় সভার সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। অনেকেই কাঁদতে কাঁদতে তারেক রহমানকে জড়িয়ে ধরেন। তিনি নিজেও অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং সান্ত্বনা দেন।
অনুষ্ঠানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়।