বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এলে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের কল্যাণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো পৃথক একটি দপ্তর গঠন করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। তারেক রহমান বলেন, “বিএনপি পূর্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছিল, যা একাত্তরের মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ দেখভাল করে। আগামীতে সরকার গঠন করলে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারদের জন্য মন্ত্রণালয়ের একটি নতুন বিভাগ চালু করা হবে।”
তিনি বলেন, জুলাই আন্দোলনে ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই চোখ হারিয়েছেন বা পঙ্গু হয়েছেন। নিহতদের সংখ্যা প্রায় দেড় হাজার। এই হত্যাকাণ্ডকে তিনি গণহত্যা হিসেবে বর্ণনা করেন। তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনের সাহসিকতার কারণে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। স্বাধীনতাকামী মানুষ রাস্তায় নেমে এই আন্দোলন সাফল্য দিয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয়, এটি অধিকারহারা মানুষের গণআন্দোলন। আহতদের ক্ষতিপূরণ দুইভাবে দেওয়া হবে- এক, রাষ্ট্রীয় উদ্যোগে চিকিৎসা নিশ্চিত করা এবং দুই, রাজনৈতিক ও যোগ্যতা অনুযায়ী আর্থিক সাহায্য।