বিরাট কোহলি শতক হাঁকালেও ভারতকে জেতাতে পারেননি। ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরু ও মিডল অর্ডার ব্যর্থ হয়। কোহলি নিতিশ কুমার রেড্ডি ও হারশিত রানাকে নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালালেও ভারত ২৯৬ রানে থেমে যায়। এর আগে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করে। ফলে ৪১ রানের জয়ে ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জেতে কিউইরা।
বিরাট কোহলি সিরিজের দ্বিতীয় ম্যাচে ও ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৮৫তম শতক পূর্ণ করেন। ১০৮ বলে ১২৪ রানের দুর্দান্ত ইনিংসে তিনি ১০টি চার ও ৩টি ছক্কা মারেন। নিতিশ (৫৭ বলে ৫৩) ও হারশিত (৫৩ বলে ৫২) অর্ধশতক করেন। এছাড়া শুবমান গিল ১৮ বলে ২৩, রোহিত শর্মা ১৩ বলে ১১, শ্রেয়াস আইয়ার ১০ বলে ৩, লোকেশ রাহুল ৬ বলে ১, রবীন্দ্র জাদেজা ১৬ বলে ১২, মোহাম্মদ সিরাজ ১ বলে ০, কুলদীপ যাদব ৩ বলে ৫ এবং অর্শদীপ সিং ২ বলে ৪ রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে বোলিংয়ে জ্যাক ফোলকস ও ক্রিস্টিয়ান ক্লার্ক তিনটি করে উইকেট নেন। জেইডেন লেনক্স নেন দুটি এবং কাইল জেমিসন নেন একটি উইকেট।
এর আগে ইন্দোরে টস জিতে ভারতীয় অধিনায়ক শুবমান গিল নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড- ৫ রানের মধ্যেই দুই ওপেনার হেনরি নিকোলস (০) ও ডেভন কনওয়ে (৫) ফিরে যান। এরপর উইল ইয়াং ও ড্যারেল মিচেল কিছুটা চাপ সামাল দিলেও বড় জুটি গড়তে পারেননি। ইয়াং ৪১ বলে ৩০ রান করে আউট হন।
ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের ২১৯ রানের বিশাল চতুর্থ উইকেট জুটিতে ভর করে নিউজিল্যান্ড বড় সংগ্রহ গড়ে। দুজনেই সেঞ্চুরি করেন। ফিলিপস ৮৮ বলে ১০৬ এবং মিচেল ১৩১ বলে ১৩৭ রান করেন। শেষদিকে কিছু রান যোগ হয়, যেখানে ব্রেসওয়েল অপরাজিত ২৮ রান করেন।
ভারতের পক্ষে অর্শদীপ সিং ও হারশিত রানা তিনটি করে উইকেট নেন, আর সিরাজ ও কুলদীপ একটি করে উইকেট পান।