যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।
গত বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বার শপথ নেওয়ার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি কঠোর করেছে। এর আওতায় এক বছরে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে এবং বিপুলসংখ্যক ভিসা বাতিল করা হয়েছে। অনেকে বৈধ ভিসাধারী হলেও বিভিন্ন অভিযোগে তাদের যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজার স্টুডেন্ট ভিসা রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসা ব্যক্তিদের প্রায় ২ হাজার ৫০০টি বিশেষ ভিসাও বাতিল করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য অপরাধীদের দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেন, ভিসা বাতিলের মূল কারণগুলোর মধ্যে রয়েছে মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা ও চুরি।
তিনি আরও জানান, ২০২৫ সালে ভিসা বাতিলের হার ২০২৪ সালের তুলনায় প্রায় ১৫০ শতাংশ বেড়েছে।