Ridge Bangla

আমিরাতের জাতীয় দিবসে ৪৪০ জন বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে দেশটিতে আটক ৪৪০ জন বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তকে আমিরাতের দীর্ঘদিনের মানবিক ও ক্ষমাশীলতার ঐতিহ্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমার ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে আমিরাতের নেতৃত্ব দেশব্যাপী বিভিন্ন দেশের হাজারো দণ্ডিত বন্দিকে ক্ষমা করে মুক্তির সুযোগ দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের শাসকগণ প্রতিবছর ঈদ, জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের রাজকীয় ক্ষমা প্রদান করে থাকেন। এর মূল লক্ষ্য হলো ক্ষমাশীলতার চর্চা, বন্দিদের সমাজে পুনরায় একীভূত করা এবং পরিবারগুলোর মধ্যে পুনর্মিলনের সুযোগ সৃষ্টি করা।

কর্মকর্তারা জানান, ২০২৫ সালের শেষের দিকে পরিচালিত এ ক্ষমা কর্মসূচির আওতায় বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন। মুক্তিপ্রাপ্তরা নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের শাসকদের মানবিক মূল্যবোধ, সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধের প্রতিশ্রুতিকে আরও জোরালোভাবে তুলে ধরে বলে মন্তব্য করা হয়।

This post was viewed: 10

আরো পড়ুন