Ridge Bangla

জাপানে শিক্ষার্থীদের আত্মহত্যা ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানে শিশুদের মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকার নতুন একটি জাতীয় সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে। এর লক্ষ্য হলো বুলিং, উদ্বেগ ও আত্মহত্যার ঝুঁকিতে থাকা শিশুদের প্রাপ্তবয়স্কদের সঙ্গে খোলামেলা কথা বলতে উৎসাহিত করা। ২০২৪ সালে দেশটিতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে রেকর্ড ৫২৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সামগ্রিকভাবে আত্মহত্যার হার কমলেও শিশু-কিশোরদের মধ্যে তা বেড়েছে। একই সময়ে বিদ্যালয়গুলোতে বুলিংয়ের ঘটনা বেড়ে ইতিহাসে সর্বোচ্চ ৭ লাখ ৬৯ হাজারে পৌঁছেছে, যা পরিস্থিতির গুরুতর অবনতির ইঙ্গিত দেয়।

২০২৪ সালের শরতে জাপানের চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ এজেন্সি শিশুদের কাউন্সেলিং নেওয়ার ক্ষেত্রে মানসিক বাধা দূর করতে ৩০ জন কর্মকর্তাকে নিয়ে একটি বিশেষ প্রকল্প দল গঠন করে। শিশুদের মধ্যে সাহায্য চাওয়াকে লজ্জা বা দুর্বলতা মনে করার ধারণা ভাঙাই ছিল এর মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে শিশু ও সহায়ক সংগঠনগুলোর মতামত নিয়ে কার্টুন ও ভিডিও তৈরি করা হয়, যেখানে বলা হয়েছে পরামর্শ নেওয়া লজ্জার বা দুর্বলতার বিষয় নয়। এসব উপকরণ সংস্থার ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

২০২৫ সালের ডিসেম্বরে টোকিওর চোফুতে জে-লিগের একটি ম্যাচকে কেন্দ্র করে এফসি টোকিওর সহযোগিতায় শিশুদের মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি আউটরিচ কার্যক্রম পরিচালিত হয়। সেখানে শিশুদের কার সঙ্গে নিজেদের সমস্যা ভাগ করা যায়- পরিবার, শিক্ষক ইত্যাদি- তা ভেবে প্রকাশ করতে উৎসাহ দেওয়া হয়। বহু শিক্ষার্থী ও অভিভাবক এতে অংশ নেন এবং দেখা যায়, অনেক শিশু ইতিমধ্যেই পরিবার ও শিক্ষকের সঙ্গে কথা বলে থাকে।

এই উদ্যোগের ধারাবাহিকতায় প্রকল্প দল জুনিয়র হাই ও হাই স্কুলে শিক্ষার্থীদের কথা শোনার ওপর বিশেষ ক্লাস আয়োজনের পরিকল্পনা করেছে, যাতে তারা বুঝতে পারে দুশ্চিন্তা নিয়ে কথা বলা স্বাভাবিক ও গ্রহণযোগ্য।

This post was viewed: 14

আরো পড়ুন