Ridge Bangla

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও এবং জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতারা।

শুভেচ্ছা বক্তব্যে খ্রিস্টান ধর্মীয় নেতারা বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তাঁর বক্তব্যে যিশু খ্রিস্টকে সার্বজনীন মানবতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষমা, ভালোবাসা ও মানবসেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এ বছর আনন্দ ও উৎসাহের সঙ্গে বড়দিন উদযাপন করছে।

তিনি প্রধান উপদেষ্টাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণ আপনার ওপর যে আস্থা রেখেছে, আপনি তা নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন। আমরা প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনার এই প্রচেষ্টা সফল হবে।’

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারাই সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখে আমরা বুঝতে পারি সমাজে সবকিছু ঠিক আছে কি না।’

তিনি আরও বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতেই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

তিনি জানান, এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, ভবিষ্যতে সংসদ সেই অনুযায়ী সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা বড়দিন উপলক্ষে ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তারা জানান, দেশব্যাপী প্রায় ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এই অনুদান বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান উপদেষ্টা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।

This post was viewed: 22

আরো পড়ুন