আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অ্যাপে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের শেষ সময় নির্ধারিত ছিল ২৫ ডিসেম্বর পর্যন্ত। তবে ভোটারদের সুবিধার্থে সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। যারা এখনো নিবন্ধন সম্পন্ন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করার আহ্বান জানান তিনি।
এদিকে নির্বাচনী কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে বাংলাদেশ ব্যাংককে বিশেষ অনুরোধের কথাও জানান ইসির এই সিনিয়র সচিব। তিনি বলেন, আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে। এতে করে মনোনয়নপত্র দাখিলসংক্রান্ত ব্যাংক লেনদেনসহ প্রয়োজনীয় আর্থিক কার্যক্রম প্রার্থীরা কিংবা তাদের প্রতিনিধিরা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন।