ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের শতাধিক কর্মী এই বিক্ষোভে অংশ নেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা বাংলাদেশে এক হিন্দু ধর্মাবলম্বী দিপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে হাইকমিশনের সামনে জমায়েত হন। গেরুয়া পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা স্লোগান দিতে দিতে কূটনৈতিক এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের স্থাপিত অন্তত দুটি ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ায় বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে এলাকা থেকে সরিয়ে নেয়। পরে বাংলাদেশ হাইকমিশনের চারপাশে নতুন করে ব্যারিকেড স্থাপন করে নিরাপত্তা জোরদার করা হয়।