বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াত নিরবচ্ছিন্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৫ ডিসেম্বর দেশের ১০টি গুরুত্বপূর্ণ রুটে মোট ২০টি স্পেশাল (বিশেষ) ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশেষ ট্রেন পরিচালনা ও নিয়মিত ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের কারণে ২৫ ডিসেম্বর তারিখের স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। ট্রেনগুলো হলো রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী–পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা–রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর–রাজশাহী)।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়গুলোর পক্ষ থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাহিদার ভিত্তিতে স্পেশাল ট্রেন চলাচল করবে কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর রুটে।
এছাড়া, নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
তবে এক দিনের জন্য তিনটি ট্রেনের যাত্রা স্থগিত থাকায় সংশ্লিষ্ট রুটের যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ ব্যবহারের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধিমালা–২০২৫ যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।